সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘ পাঁচ বছর ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন দেশের জনপ্রিয় উপস্থাপিকা সামিয়া আফরিন। ২০২২ সালে প্রথমবার তাঁর চতুর্থ ধাপের কোলন ক্যানসার শনাক্ত হয়, যা ফুসফুস ও লিম্ফ নোডেও ছড়িয়ে পড়েছিল। সিঙ্গাপুরে দুই বছর চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি দ্বিতীয়বারের মতো তাঁর শরীরে বাসা বেঁধেছে এই মরণব্যাধি।
রবিবার (২৩ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে সামিয়া জানান, প্রায় তিন মাস আগে তাঁর শরীরে ‘হাই-গ্রেড ওভারিয়ান ক্যানসার’ শনাক্ত হয়। তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করার পর চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তাঁকে কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার আশঙ্কায় নিজেই আগেভাগে চুলের ধরনে পরিবর্তন এনেছেন এই সঞ্চালক। নতুন লুকের ছবি ও একটি ভিডিও ক্লিপ শেয়ার করে তিনি লেখেন, ভেঙে না পড়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই আসল লড়াই। দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।