রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২৫ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরসূচি অনুযায়ী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তিনি জাপানে অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বহরে রয়েছেন।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও দেশটির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। বিশেষ করে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং মেট্রোরেলসহ চলমান মেগা প্রকল্পগুলোর ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়গুলো এই সফরে বিশেষ গুরুত্ব পাবে।