সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি দিয়েছে তেহরান। অন্যথায় ‘ওমান সাগর মার্কিন বাহিনীর কবরস্থানে পরিণত হবে’ বলে হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সিনিয়র সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। সোমবার (১৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে আইআরজিসির (IRGC) সাবেক কমান্ডার-ইন-চিফ মোহসেন রেজাই সতর্ক করে বলেন, মার্কিন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে পরবর্তী সংঘাতের জন্য ইরানের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। গত রবিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমরা মার্কিন সামরিক বাহিনীকে ওমান সাগর আপনাদের কবরস্থানে পরিণত হওয়ার আগেই এই অবরোধ শেষ করার পরামর্শ দিচ্ছি।”
রেজাই মার্কিন এই পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করে বলেন, এই নৌ-অবরোধ যত দীর্ঘায়িত হবে, বিশ্বজুড়ে দেশগুলোর ক্ষতির পরিমাণ তত বাড়বে। আলোচনা প্রসঙ্গে তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্রকে এখন কাজে-কর্মে প্রমাণ করতে হবে যে তারা বিশ্বস্ত। বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে এবং একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টাও চলছে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে মার্কিন এই অবরোধ শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান শর্তানুযায়ী শান্তি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। তবে তেহরানও তাদের অনড় অবস্থান স্পষ্ট করে জানিয়েছে, তারা মার্কিন চাপের কাছে কোনোভাবেই মাথা নত করবে না।