সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরাকের পশ্চিম মরুভূমিতে দুটি গোপন সামরিক ঘাঁটি পরিচালনা করেছিল ইসরায়েল। ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে এই ঘাঁটিগুলো ব্যবহার করা হয় বলে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সোমবার (১৮ মে) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, আল-নুখাইব শহরের কাছে অবস্থিত একটি ঘাঁটির অস্তিত্ব গোপন রাখতে ইসরায়েলি বাহিনী আওয়াদ আল-শামারি (২৯) নামের একজন ইরাকি মেষপালক এবং একজন ইরাকি সেনাকে হত্যা করে।
আঞ্চলিক কর্মকর্তাদের তথ্যমতে, ইরান এবং মার্কিন-ইসরায়েলের বর্তমান যুদ্ধ শুরুর আগে থেকেই এই ঘাঁটিটি সেখানে ছিল। গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে চলা ১২ দিনের যুদ্ধের সময় ইসরায়েলি বিমান বাহিনী এটিকে আকাশপথের সহায়তা, জ্বালানি রিফুয়েলিং এবং জরুরি চিকিৎসাসেবা প্রদানের কাজে ব্যবহার করে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এই ঘাঁটির বিষয়ে জানত। অর্থাৎ, ওয়াশিংটন ইরাকের মাটিতে শত্রুবাহিনীর অবস্থানের এই সত্যটি ইরাক সরকারের কাছ থেকে গোপন রেখেছিল।
এই ঘাঁটিটি এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে উঠে আসা অন্য একটি ইসরায়েলি ঘাঁটি থেকে সম্পূর্ণ আলাদা। চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে বিশেষ বাহিনী ও লজিস্টিক হাব হিসেবে ব্যবহারের জন্য অন্য ঘাঁটিটি তৈরি করা হয়েছিল।
এই প্রতিবেদনের বিষয়ে ইরাক সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গত রবিবার ইরাকের সশস্ত্র বাহিনীর মুখপাত্র সাবাহ আল-নুমান এক বিবৃতিতে দৃঢ়তার সঙ্গে জানান, ইরাক তার সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর এবং অন্য কোনো দেশের ওপর হামলার জন্য নিজের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।