মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

আলোচিত তৃষার ‘কারুপ্পু’ সিনেমা কত টাকা আয় করল?

আলোচিত তৃষার ‘কারুপ্পু’ সিনেমা কত টাকা আয় করল?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপাতি বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনের আলোচনার মাঝেই বক্স অফিসে ঝড় তুলেছেন দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণান। দীর্ঘ দুই দশক পর জনপ্রিয় অভিনেতা সুরিয়ার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তিনি। গত ১৫ মে বিশ্বব্যাপী সাড়ে ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের নতুন সিনেমা ‘কারুপ্পু’। আরজে বালাজি পরিচালিত সিনেমাটি মুক্তির মাত্র ৩ দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

১৪০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি সামাজিক অবিচার, আইনি জটিলতা ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক বাবা-মেয়ের ন্যায়বিচারের লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত। এতে সুরিয়া ‘সরবনন’ এবং তৃষা আইনজীবী ‘প্রীতি’র চরিত্রে অভিনয় করেছেন। দুর্নীতিগ্রস্ত এক আইনজীবীর (আরজে বালাজি) বিরুদ্ধে এই পরিবারের লড়াইয়ে নতুন মোড় আনেন সুরিয়া। ২০০৫ সালের পর আবার এই জুটিকে পর্দায় দেখতে পেয়ে দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে।

বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, ৩ দিনে ভারতে সিনেমাটির নিট আয় ৬৮ কোটি রুপি এবং বিশ্বব্যাপী গ্রস আয় ১২০.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৪ কোটি ১৯ লাখ টাকা)। অন্যদিকে, ‘বলি মুভি রিভিউজ’-এর মতে, প্রথম দিনে ২৮ কোটি, দ্বিতীয় দিনে ৪৪ কোটি এবং তৃতীয় দিনে ৪৩ কোটি রুপিসহ বিশ্বব্যাপী মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১১৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৬ কোটি ৮৪ লাখ টাকা)। প্রযোজক এস. আর. প্রভু ও এস. আর প্রকাশ বাবুর এই সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও দাপট বজায় রেখেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com