বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দিবসটি স্মরণীয় করে রাখতে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে এগুলোর আনুষ্ঠানিক অবমুক্তি ঘোষণা করেন। বাংলাদেশ ডাক বিভাগের বিশেষ উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড দেশের প্রধান প্রধান ডাকঘরসহ সব পোস্ট অফিস থেকে সাধারণ নাগরিক ও সংগ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে।অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।