শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামী শনিবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। পাশাপাশি সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালনের তাগিদ দেন তিনি।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে দেওয়া ৭০ ভাগ মানুষের রায় অগ্রাহ্য করার কারণেই দেশে আজ এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিবাদবিরোধী জনতা এখন সরকারের ওপর আস্থা রাখতে পারছে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, ‘পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পরিস্থিতি স্বাভাবিক আছে। তিনি দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না, এমনকি গোপালগঞ্জ ও মাদারীপুর দেশের কোনো অংশ কি না তা-ও বোঝা যাচ্ছে না।’সরকার জনগণের জানমাল রক্ষায় ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। একই সঙ্গে তিনি প্রশাসন ও সরকারি দপ্তরগুলোতে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে কঠোরভাবে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ছাড়া পলাতক এক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান চাওয়ার বিষয়ে পার্শ্ববর্তী দেশের ভূমিকারও তীব্র নিন্দা জানান মিয়া গোলাম পরওয়ার।