শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে নতুন করে ৫০টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দুই মাসের মধ্যে এআই ক্যামেরাসহ এসব সিগন্যাল কার্যক্রম শুরু করতে পারে বলে সংসদে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে, তবে সেগুলো এখনো চালু হয়নি। আশা করছি, আগামী দুই মাসের মধ্যে এআই ক্যামেরাসহ এই ট্রাফিক সিগন্যালগুলো কার্যক্রম শুরু করবে। এটি চালু হলে ঢাকা শহরের যানজট অনেকটাই কমে আসবে।’
যানজটের কারণ ব্যাখ্যা করে তারেক রহমান জানান, বিশ্বের যেকোনো বড় ও জনবহুল শহরে সাধারণত দুটি সময়ে—সকালে অফিস ও স্কুল শুরু হওয়ার সময় এবং বিকেলে ছুটির পর দুই থেকে তিন ঘণ্টা সড়কে চাপ থাকে। বাংলাদেশের রাজধানীতেও একই চিত্র দেখা যায়। তবে নাগরিকদের এই যানজটের ভোগান্তি কমিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।