শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চাহিদা অনুযায়ী হাতে কাজ না থাকায় টানা বেকারত্বের কারণেই ঢাকাই সিনেমার শিল্পী ও কলাকুশলীরা বাধ্য হয়ে বিভিন্ন রাজনৈতিক শিবিরে ভিড় করছেন বলে মন্তব্য করেছেন নব্বই দশকের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এফডিসির বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক লেজুড়বৃত্তি এবং শিল্পীদের কর্মসংস্থান নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
কয়েক দিন আগে চিত্রনায়ক হেলাল খান ও জয় চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে বিএফডিসি। সেই প্রসঙ্গ টেনে নিজের সঙ্গে ঘটে যাওয়া পুরোনো এক অন্যায়ের স্মৃতিচারণ করে মুনমুন লেখেন, ‘যেদিন এফডিসিতে আমার সাথে অন্যায় করা হয়েছিল, সেদিন পুরো এফডিসি যেন আমার বিরুদ্ধে কথা বলেছিল। আমার ওস্তাদ চুপ থাকতে বলেছিলেন বলে প্রতিবাদ করিনি। আজ অনেক শিল্পী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন দেখে ভালো লাগছে।’
এফডিসিতে রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে এই অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিন শিল্পী-কলাকুশলীদের হাতে কাজ নেই, তাই রাজনৈতিক শক্তি ব্যবহার হচ্ছে। সরকার বদলালেও এফডিসির উন্নতির কোনো লক্ষণ নেই; শুধু রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্তরা। সিনেমা তো সবার জন্য, সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?’
বেকার শিল্পীদের পাশে দাঁড়াতে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মুনমুন বলেন, ‘শিল্পীদের সাহায্য করে নয়, বরং বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের সুযোগ দিন। একটানা বেকার জীবনে ভিক্ষা করে খাওয়া ছাড়া শিল্পী-কলাকুশলীদের আর কোনো রাস্তা নেই। শুধু কর্মহীনতার কারণেই সব সরকারের আমলে অনেক শিল্পী বাধ্য হয়ে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন।’
পাশাপাশি পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বড় পর্দার শিল্পীদের জন্য স্মার্টফোন বা ডিজিটাল মাধ্যমের ছোট পর্দায় নিয়মিত কর্মসংস্থান তৈরির পরামর্শ দেন তিনি। বাংলা চলচ্চিত্রকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সরকারের পাশাপাশি দেশের যুবসমাজকেও এগিয়ে আসার আহ্বান জানান মুনমুন।
উল্লেখ্য, প্রখ্যাত নির্মাতা এহতেশামের ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মুনমুনের। পরবর্তীতে ‘টারজান কন্যা’ ও ‘মৃত্যুর মুখে’ সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। ক্যারিয়ারের স্বর্ণযুগে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে বহুবার আহত হয়েছেন এই অভিনেত্রী; তবে রোমান্টিক বা সামাজিক গল্পে কাজ না পাওয়ার আক্ষেপ এখনো রয়ে গেছে তার মনে।