শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

গভীর রাতে নেত্রকোনার অতিথপুর রেল স্টেশনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

গভীর রাতে নেত্রকোনার অতিথপুর রেল স্টেশনে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময় এ নাশকতার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুষ্কৃতিকারীরা স্টেশনে আগুন দিয়ে নিজেরাই সেটির ভিডিও ধারণ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক যুবক প্ল্যাটফর্ম চত্বরের বিভিন্ন অংশ ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরেক যুবককে অবস্থান করতে দেখা যায়। ভিডিওর স্ক্রলে ‘১৭ নভেম্বর, ২০২৬ ইং, অতিথপুর রেল স্টেশন, নেত্রকোনা’ লেখা ছিল। আগুন লাগানোর পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় স্টেশনের কাঠামোগত তেমন কোনো ক্ষতি হয়নি।’

এদিকে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই রুটে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com