শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মালয়েশিয়ার শ্রমবাজারের জটিলতা নিরসন করে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে দেশটিতে পাঠাতে সক্ষম হবে সরকার—জাতীয় সংসদে এমন সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
অতীতের অনিয়ম ও সিন্ডিকেটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ বা স্থগিত করে দিয়েছিল। তবে যারা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে ঠকিয়ে অর্থ আত্মসাৎ করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে।’
মালয়েশিয়ায় পাঠানো হতে যাওয়া ১০ হাজার কর্মীর মধ্যে বিশেষ অগ্রাধিকারের কথা উল্লেখ করে সংসদ নেতা জানান, বিগত স্বৈরাচারের সময় যারা গুম-খুনের শিকার হয়েছেন এবং চব্বিশের আন্দোলনে যারা শহীদ বা হতাহত হয়েছেন, এমন প্রায় ১ হাজার পরিবারের সদস্যদের সেখানে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়েও আশাব্যঞ্জক তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সরকারের আলোচনা চলছে এবং কয়েকটি দেশ ইতোমধ্যে গাড়িচালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে নতুন করে জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
এ ছাড়া বিদেশগামী কর্মীদের জন্য কোনো প্রণোদনা বা ইনসেন্টিভ দেওয়ার বিষয়ে এক সংসদ সদস্যের প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ইনসেন্টিভের এই অর্থ কোথা থেকে আসবে, তা আমার কাছে ঠিক বোধগম্য হয়নি। মাননীয় সংসদ সদস্য বিষয়টি সুন্দরভাবে ব্যাখ্যা করে তুলে ধরলে সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে পারি।’