রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেই ১০০% শুল্ক! কানাডাকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেই ১০০% শুল্ক! কানাডাকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে হাঁটলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৪ জানুয়ারি) এক কড়া বার্তায় তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সতর্ক করে বলেন, এই পদক্ষেপ কানাডাকে ভয়াবহ বিপদের মুখে ঠেলে দেবে।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, “চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে। তারা কানাডার ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেবে।” তিনি সাফ জানিয়ে দেন, চীনের সঙ্গে কোনো চুক্তি হলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কানাডার সব পণ্যে তাৎক্ষণিক ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।

ট্রাম্পের এই হুমকির পর সরাসরি তার নাম উল্লেখ না করলেও একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্ক কার্নি। তিনি দেশের অর্থনীতি রক্ষায় জনগণকে ‘মেড ইন কানাডা’ পণ্য কেনার আহ্বান জানান। কার্নি বলেন, “বিদেশি হুমকির মুখে আমাদের অর্থনীতি চ্যালেঞ্জের সম্মুখীন। অন্যের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, তবে আমরা নিজেদের সেরা গ্রাহক হয়ে উঠতে পারি।”

উল্লেখ্য, চলতি মাসেই চীন সফর করেন মার্ক কার্নি। সে সময় চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হয়। গত ১৬ জানুয়ারি হোয়াইট হাউসে ট্রাম্প এই উদ্যোগের প্রশংসাও করেছিলেন। কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে তার এই সম্পূর্ণ উল্টো অবস্থান বিশ্ব রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে, কানাডার মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, চীনের সঙ্গে কোনো ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ হচ্ছে না, বরং কিছু নির্দিষ্ট শুল্ক সমস্যার সমাধানই ছিল আলোচনার লক্ষ্য। অন্যদিকে, বিশেষজ্ঞদের ধারণা—গ্রিনল্যান্ড ইস্যুতে কার্নির সমালোচনার জেরে ব্যক্তিগত রেষারেষি এবং ভূ-রাজনৈতিক আধিপত্য বজায় রাখতেই ট্রাম্প এমন নজিরবিহীন বাণিজ্যিক হুমকি দিয়েছেন।

সূত্র: রয়টার্স

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com