শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় বেইজিংয়ের ঐতিহ্যবাহী ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে দুই নেতা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে প্রধানমন্ত্রী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত আছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিনসহ ৫ জন উপদেষ্টা তাঁর সঙ্গে রয়েছেন।
গত ২১ জুন প্রধানমন্ত্রী তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। সেখান থেকে সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে পৌঁছান তিনি। দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে বুধবার বিকেলে বেইজিংয়ে আসেন প্রধানমন্ত্রী। আজ বিকালেই বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।