রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

চানখারপুলে ৬ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, করা হবে আপিল

চানখারপুলে ৬ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, করা হবে আপিল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয় শিক্ষার্থীকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দুই আসামি হলেন— সাবেক ডিএমপি যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলাম। দণ্ডপ্রাপ্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।

মামলায় আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে রমনা জোনের সাবেক এসি মোহাম্মদ ইমরুলকে ৬ বছর এবং শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে সাজা দিয়েছেন আদালত। আদালত জানান, কনস্টেবল সুজন গুলি করার সময় উচ্ছ্বাস প্রকাশ করলেও ঊর্ধ্বতনদের আদেশ পালনে বাধ্য থাকায় তাকে সীমিত সাজা দেওয়া হয়েছে।

তবে এই রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “যাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরও সীমিত সাজা দেওয়া হয়েছে, আমরা তার বিরুদ্ধে আপিল করব। এটি ন্যায়বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয়।” তিনি আরও উল্লেখ করেন, এই সাজা একটি বার্তা দেয় যে— কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী বেআইনি নির্দেশ মানতে বাধ্য নন; আর বেআইনি আদেশ মানলে আদালত কাউকে ছাড় দেবেন না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com