রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শঙ্কামুক্ত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৬ জানুয়ারি) সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সভায় প্রধান উপদেষ্টা বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় তারা যে অবদান রাখছেন, তা কৃতজ্ঞতার সাথে স্মরণীয়।
অনুষ্ঠানস্থলে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।