সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে টাঙ্গাইল পৌর উদ্যানে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিগত সরকারের অবহেলার কারণে টিকাদান কর্মসূচিতে যে স্থবিরতা তৈরি হয়েছিল, বর্তমান সরকারের তৎপরতায় তা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সারাদেশে পর্যাপ্ত টিকার মজুদ নিশ্চিত করা হয়েছে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, সিভিল সার্জন ডা. এএফএম মাহবুবুল আলম মঞ্জু এবং পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, টাঙ্গাইলের ৩৯০টি ওয়ার্ডের ৩ হাজার ১২০টি কেন্দ্রে মোট ৩ লাখ ৮৭ হাজার ৩৬৯ জন শিশুকে এই টিকা দেওয়া হবে। এই টিকাদান কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে।