সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বগুড়া: দ্বিতীয় পর্যায়ের ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৯১১ জন সুবিধাভোগীর হাতে বহুল প্রতীক্ষিত এই ফ্যামিলি কার্ড তুলে দেন। সরকারপ্রধান জানান, চলতি মাসের মধ্যেই দেশের ২৩টি উপজেলায় ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বিগত সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “বিগত স্বৈরাচারী আমলে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে। সেই পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি জনগণের হাতে পৌঁছে দেওয়া হবে।”
উল্লেখ্য, রাষ্ট্রক্ষমতায় আসার এক মাসের মাথায় গত ১০ মার্চ এই ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাইলটিং শুরু করে বিএনপি সরকার। পরিবারের নারী প্রধানরাই মূলত এই কার্ডের সুবিধা পাচ্ছেন। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে নারী ও পুরুষদের সমানভাবে সহযোগিতা করবে সরকার।