সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০২৪ সালের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারানো শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঘোষিত ১৩ জন প্রার্থীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
শহীদ জাবির ইব্রাহিম ৫ আগস্ট সকালে তার বাবার সামনে হেলমেট পরে হাজির হয়ে বলেছিল, “আমি আর্মি অফিসার হব, পুলিশ আমার ভাই-বোনদের মারছে, আমি আর্মি হয়ে পুলিশকে মারব।” সেই ছোট্ট জাবিরের মা সাবেক স্কুলশিক্ষিকা রোকেয়া বেগমকে সংসদে পাঠানোর এই সিদ্ধান্তকে রাজনৈতিক বিশ্লেষকরা জুলাই বিপ্লবের ত্যাগের এক অনন্য স্বীকৃতি হিসেবে দেখছেন।
১১ দলীয় জোটের তালিকায় রোকেয়া বেগম ছাড়াও রয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, জাগপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং এনসিপির মনিরা শারমিনসহ আরও অভিজ্ঞ ও পেশাদার নারী নেত্রীরা। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।