শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই সরকারি ক্রয় কার্যক্রম। আজ বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী জানান, এবারের বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১২ লাখ টন সিদ্ধ চাল কেনা হবে। এছাড়া ৪৮ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৩৬ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান সংগ্রহ ৩ মে থেকে শুরু হলেও চাল কেনা শুরু হবে ১৫ মে থেকে।
বৈদেশিক উৎসের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম কেনার আলোচনা চলছে। লক্ষ্যমাত্রা পূরণ না হলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গম কেনা হবে। বর্তমানে সরকারি গুদামে ১৮ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে, যা অত্যন্ত সন্তোষজনক। কৃষকরা যাতে সরাসরি গুদামে ধান দিয়ে ন্যায্য মূল্য পান, সেদিকে বিশেষ নজর রাখা হবে বলেও জানান তিনি।