সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহনের নতুন ভাড়া নির্ধারণে আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে পরিবহন খাতের অংশীজনদের নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, সভায় ভাড়া বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আশা করা যাচ্ছে, বৃহস্পতিবারের মধ্যে বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হবে।
এর আগে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের সংকটে রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে যাওয়ায় দ্রুত ভাড়া সমন্বয়ের দাবি জানান পরিবহন নেতা সাইফুল আলম।
উল্লেখ্য, বিশ্ববাজারে অস্থিতিশীলতার কারণে গত ১৮ এপ্রিল দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা এবং কেরোসিনে ১৮ টাকা বাড়ানো হয়েছে। এই বর্ধিত দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।