রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতা মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ের সঙ্গে কাজ করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি, এসপি ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার, এখানে কোনো গাফিলতির সুযোগ নেই। তিনি ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছানোর নির্দেশ দেন। একইসঙ্গে আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা সচল রাখার পাশাপাশি নারী, শিশু, প্রবীণ ও গর্ভবতী নারীদের বিশেষ নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে সরকারপ্রধান বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি বা ত্রাণ আত্মসাৎ করতে না পারে। ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতা ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার নিশ্চিত করার ওপরও তিনি জোর দেন।
সভায় কর্মকর্তারা জানান, চট্টগ্রামের জলাবদ্ধতা কমতে শুরু করলেও সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে এবং রংপুরে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এই তথ্য পাওয়ার পর সম্ভাব্য সব ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রেখে জনগণের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।