রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,
বঙ্গোপসাগরে একটি মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১২ জুলাই) ভারতের স্থানীয় সময় ভোর ৫টা ৫ মিনিটে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার এই কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনমসহ আনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসিমা জেলার বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে। হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। ভূ-গঠনের স্বাভাবিক সমন্বয়ের কারণেই এই মৃদু কম্পন হয়েছে। এই অঞ্চলটি ভূ-তাত্ত্বিকভাবে স্থিতিশীল হওয়ায় সাধারণ মানুষকে আতঙ্কিত বা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এর আগে ২০১৫ এবং গত বছরের নভেম্বরেও এই অঞ্চলে এমন মৃদু কম্পন অনুভূত হয়েছিল।