রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
তামিল সিনেমার মেগাস্টার রজনীকান্তের অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার গুঞ্জন উঠেছে। ৭৫ বছর বয়সি এই অভিনেতা তাঁর ক্যারিয়ারের ১৭৫তম সিনেমার কাজ শেষ করে রূপালি পর্দাকে বিদায় জানাতে পারেন বলে জানিয়েছে বিভিন্ন তামিল সংবাদমাধ্যম। গুঞ্জন রয়েছে, বয়সজনিত কারণে অতিরিক্ত মানসিক চাপের মুখে আর নতুন সিনেমায় অভিনয় করতে চান না তিনি।
তবে রজনীকান্ত বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অবসরের গুঞ্জন থাকলেও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ‘তালাইভা’। আগামী ১৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার টু’। এরপর তিনি অভিনয় করবেন ১৭৩তম সিনেমা ‘ধরমান’-এ। এছাড়া কমল হাসানের সঙ্গে তাঁর ১৭৪তম এবং বিবেক আত্রেয়ার পরিচালনায় ১৭৫তম সিনেমাটি নিয়ে আলোচনা চলছে।
এর আগেও ২০০২ সালে ‘বাবা’ সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর রজনীকান্তের অবসরের গুজব রটেছিল, তবে বিরতি কাটিয়ে তিনি আবার পর্দায় ফিরে আসেন। বাস কন্ডাক্টর থেকে নিজের স্ট্রাগল ও অভিনয় দক্ষতার জোরে কিংবদন্তি হয়ে ওঠা এই সুপারস্টারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’।