বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুত্বপূর্ণ এই নৌপথে তিনটি জাহাজে হামলার পরপরই তিনি ইরানে নতুন সামরিক অভিযানের নির্দেশ দেন। এর পরেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফায় হামলা চালায়, যার ফলে বন্দর আব্বাস, চাবাহারসহ বেশ কিছু এলাকায় বিস্ফোরণ ও বিদ্যুৎ বিপর্যয়ের খবর পাওয়া গেছে।
সর্বশেষ এই হামলার আগে ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আর বহাল নেই। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদি সংঘাতের রূপ নেবে না এবং কূটনৈতিক আলোচনার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। অন্যদিকে, মার্কিন হামলার পর ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘আপনারা যদি হামলা করেন, তার জবাবও হামলার মাধ্যমেই দেওয়া হবে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘ, পাকিস্তান ও কাতার উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।