বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
টাইব্রেকারের চরম রোমাঞ্চে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। ভ্যানকুভারে অনুষ্ঠিত শেষ ষোলোর জমজমাট লড়াইয়ে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে কলম্বিয়ার দাভিনসন সানচেসের শট ক্রসবারে লাগে এবং কুচো হার্নান্দেসের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। শেষ পর্যন্ত রুবেন ভার্গাসের সফল শটে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ আটে পা রাখল দলটি। কোয়ার্টার ফাইনালে তাদের মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
অন্যদিকে, অতিরিক্ত সময়ে গোল করার সহজ সুযোগ হাতছাড়া করে আরও একবার টাইব্রেকারের ট্র্যাজেডিতে বিশ্বকাপ থেকে বিদায় নিল কলম্বিয়া। এর আগে ২০১৮ সালের বিশ্বকাপেও তারা ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরেছিল। চোটের কারণে এই ম্যাচে সুইজারল্যান্ডের উদীয়মান তারকা জোহান মানজাম্বি খেলতে না পারলেও দলের ঐতিহাসিক জয় আটকে থাকেনি। আগামী শনিবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইসরা। এর আগে দিনের অন্য ম্যাচে মিসরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে আর্জেন্টিনা।