বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দু’টি নতুন ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ করবেন এবং একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিশেষ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে ঢামেক ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এই আয়োজনকে দেখছেন এক আবেগঘন মিলনমেলা হিসেবে। শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকদের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটির বিদ্যমান নানা সমস্যা সমাধান হবে এবং দেশের স্বাস্থ্যখাতকে আরও আধুনিক ও জনমুখী করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হওয়া দেশের শীর্ষ এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিটি জাতীয় সংকট, দুর্যোগ ও প্রগতিশীল আন্দোলনে সবসময় অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে।