বুধবার, ০৮ Jul ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যের দুটি দেশে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমান বাহিনী মোট ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে এই হামলা চালায়। এর মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটি অন্যতম। এর আগে মঙ্গলবার ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো হামলার পাল্টা জবাব এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে তারা এই পদক্ষেপ নিয়েছে।
এদিকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, হরমুজ প্রণালিতে ওয়াশিংটনের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না এবং ‘আমেরিকান সন্ত্রাসবাদের’ উপযুক্ত জবাব দেওয়া হবে। এই নৌপথে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচলের জন্য কেবল ইরানের নির্ধারিত পথই একমাত্র নিরাপদ রুট বলেও তারা উল্লেখ করেছে। মার্কিন এই হামলা গত মাসে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে তেহরান।