বুধবার, ০৮ Jul ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সেরা বোলিং স্পেল (২৬ রানে ৬ উইকেট) উপহার দেওয়ার দারুণ পুরস্কার পেলেন পেসার নাহিদ রানা। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে নিজের ক্যারিয়ারসেরা ১২ নম্বরে উঠে এসেছেন এই স্পিডস্টার। বুধবার (৮ জুলাই) আইসিসি ওয়ানডের এই নতুন র্যাঙ্কিং প্রকাশ করে।
নাহিদ রানা অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও ৩১ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে জায়গা করে নিয়েছেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে রান তাড়া করতে গিয়ে ২৫ রানে হারা ম্যাচটিতে ব্যাটিং ও বোলিং ব্যর্থতার কারণে বাংলাদেশের অন্য ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ এক ধাপ পিছিয়ে নবম স্থানে আছেন। এছাড়া শরিফুল ২১, মোস্তাফিজ ২৭ এবং রিশাদ ৭৩ নম্বরে নেমে গেছেন; তবে তাসকিন আহমেদ ২৯তম স্থান ধরে রেখেছেন। ব্যাটারদের মধ্যে তানজিদ তামিম ৩৮, লিটন দাস ৬১, সৌম্য সরকার ৭০ এবং মিরাজ ৭২ নম্বরে পিছিয়ে পড়েছেন। তবে তাওহীদ হৃদয় (২০) ও নাজমুল হোসেন শান্তর (৩০) অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।