বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০২৬ ফুটবল বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে আফ্রিকার পরাশক্তি মিশর। তবে মাঠের লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারলেও, আর্থিক দিক থেকে বড় সাফল্য নিয়ে দেশে ফিরছে মোহাম্মদ সালাহর দল। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে মোট ১৮.৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২৮ কোটি টাকা) পুরস্কার পাচ্ছে ইজিপশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
এবারের বিশ্বকাপ মিশরের ফুটবল ইতিহাসে অন্যতম স্মরণীয় আসর হয়ে থাকবে। রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ের ইতিহাস গড়ে তারা। এমনকি আর্জেন্টিনার বিপক্ষে একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে গিয়ে ইতিহাস গড়ার স্বপ্নও দেখছিল আফ্রিকার এই প্রতিনিধিরা। এছাড়া এক আসরে ৫টি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ ৮টি গোল করার মাধ্যমে নতুন রেকর্ডও গড়েছে মিশর।
ফিফার প্রাইজমানি কাঠামো অনুযায়ী, প্রস্তুতি বাবদ ২.৫ মিলিয়ন, মূল পর্বের জন্য ১০ মিলিয়ন এবং শেষ ষোলোতে ওঠার পুরস্কার হিসেবে আরও ৬ মিলিয়ন ডলার পাচ্ছে তারা। বিশ্লেষকদের মতে, এই ২২৮ কোটি টাকা দেশের ফুটবল অবকাঠামো, বয়সভিত্তিক দল ও আধুনিক প্রশিক্ষণে বিনিয়োগ করা হলে ভবিষ্যতে আরও শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করবে মিশর। ট্রফি অধরা থাকলেও মাঠের পারফরম্যান্স ও বিপুল আর্থিক প্রাপ্তিতে এই বিশ্বকাপ মিশরের জন্য একটি সফল অধ্যায়।