শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ না থাকায় সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে পরীক্ষা স্থগিতের বিষয়টি স্থানীয়ভাবে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবারও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছিল, যার নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে ওই দিন বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে সাধারণ বোর্ডের এইচএসসি ছাড়াও মাদরাসা বোর্ডের আলিম এবং কারিগরি বোর্ডের এইচএসসি (বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে।