শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে দেশের চার ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন) হালনাগাদ তথ্য চেয়ে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে এসব তথ্য ইসি সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে প্রতিষ্ঠানগুলোর মেয়াদ, প্রথম সভার তারিখ, সীমানা নির্ধারণ ও ওয়ার্ড বিন্যাসসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। ইসি জানায়, আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন করতে হয় বলেই এই প্রস্তুতি।
ইসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছর দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ হাজার ৯৮১টি নির্বাচন উপযোগী হবে। তবে মামলা ও সীমানা জটিলতায় ১০৮টি ইউনিয়নে নির্বাচন আটকে আছে। এছাড়া ৩৩০টি পৌরসভার মধ্যে ৩২০টি নির্বাচন উপযোগী এবং ১০টিতে আইনি জটিলতা রয়েছে। অন্যদিকে, নতুন ৫টিসহ দেশের ৫০০টি উপজেলার সবকটিতেই বর্তমানে নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলোই নির্বাচন উপযোগী বলে জানিয়েছে কমিশন।