শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ১০টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহ্দী আমিন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দল-মতের ঊর্ধ্বে উঠে বিএনপির নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ:
১. সার্বক্ষণিক পর্যবেক্ষণ: প্রধানমন্ত্রী নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
২. আশ্রয়কেন্দ্র চালু: চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
৩. আর্থিক ও খাদ্য সহায়তা: চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩,৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
৪. জরুরি সেবা: নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, শিশুখাদ্য ও তিন বেলা খাবার নিশ্চিত করা হয়েছে।
৫. সেনাবাহিনী মোতায়েন: পাহাড়ি এলাকায় জরুরি উদ্ধার কার্যক্রমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে।
৬. জনপ্রতিনিধিদের তৎপরতা: স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা মাঠপর্যায়ে ত্রাণ বিতরণ ও সহায়তা কার্যক্রম চালাচ্ছেন।
৭. দলীয় নেতাকর্মীদের নির্দেশনা: বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনগুলোকে দুর্গত মানুষের সহায়তায় মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
৮. পরীক্ষা স্থগিত: বন্যা ও ভূমিধস কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৯. ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন: নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা ও সহায়তা দিতে কর্মকর্তারা সরাসরি তাদের বাড়ি পরিদর্শন করছেন।
১০. দীর্ঘমেয়াদি পরিকল্পনা: জলাবদ্ধতা ও ঝুঁকি কমাতে চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার জন্য ৪৭ কিমি লাইনের দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিতে থাকাদের পুনর্বাসন করা হবে।
মুখপাত্র ড. মাহ্দী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের দ্রুত সিদ্ধান্ত, মানবিক উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই দুর্যোগ সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে।