শুক্রবার, ১০ Jul ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। সেমিফাইনালের টিকিট কাটার এই মহালড়াইতে একদিকে রয়েছে টিকিটাকার ছন্দে থাকা ‘লা রোহা’ স্পেন, অন্যদিকে গতি ও লড়াকু মানসিকতার ‘রেড ডেভিলস’ বেলজিয়াম।
শেষ ষোলোর ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টারে উঠেছে স্পেন। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা স্পেনের রক্ষণভাগ পুরোপুরি অক্ষত। তরুণ ও অভিজ্ঞদের মিশেলে গড়া দলটি এবার শিরোপার অন্যতম দাবিদার। অপরদিকে, যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণ আত্মবিশ্বাসে কোয়ার্টারে পা রেখেছে বেলজিয়াম। স্পেনের বল নিয়ন্ত্রণের বিপরীতে বেলজিয়ামের প্রধান অস্ত্র তাদের গতি ও কাউন্টার অ্যাটাক।
এই হাইভোল্টেজ ম্যাচের মূল আকর্ষণ হতে পারে মাঠের দুটি দ্বৈরথ—উইংয়ে স্পেনের লামিন ইয়ামাল বনাম বেলজিয়ামের জেরেমি ডোকু এবং মধ্যমাঠে পেদ্রি বনাম ওনানা। পরিসংখ্যানে অবশ্য এগিয়ে স্পেন। দুই দলের মোট ২২ বারের দেখায় স্পেনের জয় ১২টিতে, বেলজিয়াম জিতেছে ৫ বার এবং বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে। সামান্য ভুলেই যেখানে বিদায় নিশ্চিত, সেখানে মাঠের কৌশলে শেষ হাসি কারা হাসে, তা দেখতে মুখিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব।