শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
একপেশে ম্যাচে আশরাফ হাকিমিদের মরক্কোকে ২-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। দিদিয়ের দেশামের শিষ্যদের দাপুটে ফুটবলের সামনে আফ্রিকান পরাশক্তিরা ছিল একেবারেই অসহায়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ফ্রান্স। ২৫ মিনিটে মরক্কোর নুসাইর মাজরাউয়ি ডি-বক্সে ফাউল করলে ভিএআর (VAR) চেকের পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে কিলিয়ান এমবাপ্পের নেওয়া পেনাল্টি কিকটি দুর্দান্ত ডাইভে রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এরপর ৩২ মিনিটে ফরাসি তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়ের একটি নিশ্চিত গোলের শটও দারুণ দক্ষতায় প্রতিহত করেন বুনু। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফরাসিরা। ম্যাচের ৬০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের এক বিদ্যুৎগতির নিখুঁত শট মরক্কোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। ১-০ তে এগিয়ে গিয়ে উল্লাসে মাতে ফ্রান্স। এরপর ৭১ মিনিটে এমবাপ্পের চমৎকার পাস থেকে ডি-বক্সের বাইরে বল পান উসমান দেম্বেলে। তার নেওয়া শটটি ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় ফরাসিদের।