শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন: মুখ থুবড়ে পড়ল তৃণমূল
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। একাধিক শীর্ষ নেতা, হেভিওয়েট মন্ত্রী এবং তারকা প্রার্থীদের পরাজয়ে রাজ্যে বড় ধরনের রাজনৈতিক মোড় পরিবর্তন হয়েছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, বিপুল সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে বিজেপি।
সবচেয়ে বড় চমক দেখা গেছে হাই-ভোল্টেজ নন্দীগ্রাম কেন্দ্রে। সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা একে তৃণমূলের জন্য এক ‘ঐতিহাসিক ধাক্কা’ হিসেবে দেখছেন।
পরাজিত মন্ত্রী ও শীর্ষ নেতারা:
কলকাতার গুরুত্বপূর্ণ আসনগুলোতেও ধরাশায়ী হয়েছেন তৃণমূলের হেভিওয়েটরা। বিধাননগরে সুজিত বসু ৩৭ হাজার এবং দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য ২৬ হাজার ভোটে পরাজিত হয়েছেন। এছাড়া অরূপ বিশ্বাস, শশী পাঁজা, দেবাশিস কুমার এবং ব্রাত্য বসুর মতো দাপুটে নেতারাও নিজেদের আসন ধরে রাখতে ব্যর্থ হয়েছেন।
তারকা প্রার্থীদের বিপর্যয়:
রাজনীতির ময়দানে নামা সেলিব্রিটিরাও ভোটারদের মন জয় করতে পারেননি। বরাহনগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ব্যারাকপুরে রাজ চক্রবর্তী এবং মানিকতলায় শ্রেয়া পাণ্ডে বড় ব্যবধানে হেরেছেন। শিলিগুড়িতে সাবেক মন্ত্রী গৌতম দেব ৭৩ হাজারেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৯৪টি আসনের মধ্যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসা তৃণমূল এবারই সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হলো। প্রশাসনিক অসন্তোষ এবং ভোটারদের মেরুকরণই এই ফলাফলের মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।