বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা রক্ষায় নেওয়া বিতর্কিত সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ মে) ভোরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প উল্লেখ করেন, পাকিস্তানসহ কয়েকটি বন্ধু রাষ্ট্রের অনুরোধ এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অর্জিত সাফল্যের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কূটনৈতিক অগ্রগতি হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের ওপর চলমান নৌ-অবরোধ অব্যাহত থাকবে। ট্রাম্পের দাবি, ইরান প্রকাশ্যে কড়া বার্তা দিলেও ভেতরে ভেতরে তারা চুক্তি করতে আগ্রহী।
উল্লেখ্য, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এই সামরিক হস্তক্ষেপের প্রচেষ্টাকে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল’ বলে মন্তব্য করেছিল ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পক্ষ থেকে এই উদ্যোগের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসে নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।