বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মদন (নেত্রকোণা): নেত্রকোণার মদনে ১১ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, র্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে পলাতক সাগরকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে নেত্রকোণা জেলা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ অথবা আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
মামলার বিবরণ অনুযায়ী, কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা আমান উল্লাহ সাগর ২০২২ সালে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখানে পরিচালক ও শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন গত বছরের নভেম্বরে তিনি ওই ছাত্রীকে ধর্ষণ করেন। লোকলজ্জা ও প্রাণনাশের ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে। পরে শিশুটি অসুস্থ হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। গত ৩০ এপ্রিল ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলেন।