শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়লাভ করে ইতিহাস গড়েছে বিজেপি। জয়ের পর এখন সবার নজর একটিই প্রশ্নে—কে বসছেন বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে? এই প্রক্রিয়া সম্পন্ন করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যেই তৎপরতা শুরু করেছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে অমিত শাহ এবং সহকারী পর্যবেক্ষক হিসেবে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার কলকাতার কোনো এক হোটেলে বিজয়ীদের নিয়ে বৈঠকে বসবেন তারা।
রেসের শীর্ষে যারা:
মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রাজনৈতিকভাবে সবচেয়ে এগিয়ে আছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী। পরপর দুই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার গৌরব তার ঝুলিতে। এছাড়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, তাত্ত্বিক নেতা স্বপন দাশগুপ্ত এবং তরুণ নেতা সৌরভ শিকদারের নামও জোরেশোরে উচ্চারিত হচ্ছে। তবে উত্তরবঙ্গের ৪২টি আসনে অভাবনীয় সাফল্যের পর সেই অঞ্চল থেকেও একজন মুখ্যমন্ত্রীর জোরালো দাবি উঠেছে।
মন্ত্রিসভায় বড় চমক:
বিজেপি সূত্রে জানা গেছে, এবার কেবল মুখ্যমন্ত্রী নয়, থাকতে পারেন একাধিক উপ-মুখ্যমন্ত্রীও। গত ১৫ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় কোনো উপ-মুখ্যমন্ত্রী ছিল না, যা এবার পরিবর্তন হতে চলেছে। সম্ভাব্য মন্ত্রী তালিকায় শুভেন্দু, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ছাড়াও তরুণজ্যোতি তিওয়ারি, রূপা গাঙ্গুলি, অগ্নিমিত্রা পাল এবং নিশীথ প্রামাণিকের মতো একঝাঁক পরিচিত মুখের নাম শোনা যাচ্ছে।
শপথ গ্রহণের দিনক্ষণ:
সব জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৯ মে সকাল ১০টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। তবে শেষ পর্যন্ত অমিত শাহ-জেপি নাড্ডারা কোনো ‘চমক’ উপহার দেন কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।