শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

দেশীয় মাছ বাঁচাতে অভিযান: মোহনগঞ্জে বিপুল পরিমাণ মরণঘাতী জাল জব্দ

দেশীয় মাছ বাঁচাতে অভিযান: মোহনগঞ্জে বিপুল পরিমাণ মরণঘাতী জাল জব্দ

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:

মোহনগঞ্জ (নেত্রকোণা): নেত্রকোণার মোহনগঞ্জে সাড়ে আট লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জাল জব্দ করেছে পুলিশ। এ সময় সোহেল মিয়া (৩২) নামে এক অবৈধ জাল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে পৌর শহরের খলিফাপট্টি এলাকার জব্বার মার্কেটের একটি গুদামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

আটক সোহেল মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সোহেল দীর্ঘদিন ধরে মোহনগঞ্জে দোকান ভাড়া নিয়ে গোপনে নিষিদ্ধ জালের ব্যবসা চালিয়ে আসছিলেন। বুধবার রাতে ট্রাক থেকে জালের নতুন চালান গুদামে নামানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে মোট ২৩৪ পিস বড় এবং ১১৪ পিস ছোট চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মোহনগঞ্জের খলিফাপট্টি ও জালপট্টি এলাকাকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এখান থেকেই পার্শ্ববর্তী খালিয়াজুরী, মদন, বারহাট্টা এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ জাল সরবরাহ করা হয়। এমনকি পুলিশের নাম ভাঙিয়ে একটি মধ্যস্বত্বভোগী চক্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করে বলেও অভিযোগ রয়েছে।

মৎস্য বিশেষজ্ঞরা জানান, এই মারণঘাতী জাল ব্যবহারের ফলে হাওরের মা মাছ ও পোনা নির্বিচারে ধ্বংস হচ্ছে, যা জলজ জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, “এসব অবৈধ জালের কারণে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে পড়ছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে হাওরে মাছ পাওয়া দুষ্কর হবে।” আটক সোহেল মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com