শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
যুক্তরাষ্ট্রের নতুন উসকানিমূলক পদক্ষেপের পরিণতির বিষয়ে চরম সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি সাফ জানিয়েছেন, দেশ ও দেশের মানুষকে রক্ষার জন্য ইরানের প্রস্তুতি এখন ‘এক হাজার শতাংশ’।
সম্প্রতি পার্সটুডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আব্বাস আরাকচি বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের পথ তৈরি হয়, তখনই যুক্তরাষ্ট্র অবিবেচক সামরিক দুঃসাহসিকতায় জড়িয়ে পড়ে। একে ‘চাপ প্রয়োগের অন্ধ কৌশল’ বা ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, মার্কিনিরা আবারও প্রেসিডেন্টকে নতুন সংকটে টেনে নিতে চাইছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, সিআইএ ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ভুল তথ্য দিচ্ছে। ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণ সক্ষমতা ২৮ ফেব্রুয়ারির তুলনায় ১২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কখনোই চাপের কাছে মাথা নত করবে না এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।