রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের পশুর হাটগুলোতে জাল নোট প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১০ মে) কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে হাটে বিনামূল্যে নোট যাচাই ও টাকা গণনার বুথ স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
সেবার বিস্তারিত ও সময়সীমা
কোরবানির পশুর হাটে জাল নোট চক্রের তৎপরতা ঠেকাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত হাটগুলোতে অভিজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে এই সেবা নিশ্চিত করতে হবে। হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত এই বুথগুলো সচল থাকবে।
দেশব্যাপী কার্যক্রম
ঢাকার বাইরে: যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস আছে, সেখানে তাদের তত্ত্বাবধানে বুথ বসবে।
অন্যান্য এলাকা: যেখানে বাংলাদেশ ব্যাংকের অফিস নেই, সেখানে সোনালী ব্যাংকের চেস্ট শাখার মাধ্যমে অন্যান্য ব্যাংকগুলোর দায়িত্ব বণ্টন করা হবে।
বুথের বিশেষ সুবিধাসমূহ
বুথগুলোতে নোট কাউন্টিং মেশিনের সাহায্যে টাকা গণনার সুবিধা থাকবে। যদি কোনো জাল নোট ধরা পড়ে, তবে কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জনসচেতনতা বাড়াতে ব্যাংকগুলোকে তাদের নিজ নিজ শাখায় বড় স্ক্রিনে নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও প্রচার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।