রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন এই দম্পতি। শনিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সাবিকুন নাহার সারা নিজেই।
সারা জানান, পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মতবিরোধের জেরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতেই চূড়ান্ত বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তিনি আরও বলেন, আমরা নতুন করে সংসার শুরুর চেষ্টা করেছিলাম, দুই পরিবারও ইতিবাচক ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সম্পর্কটি টেকেনি।
এর আগে দীর্ঘ কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ হয়েছিল। পরবর্তীতে দুই পরিবারের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝি মিটিয়ে গত ২ ডিসেম্বর তারা আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই পুনর্মিলন স্থায়ী হলো মাত্র চার মাস। এ বিষয়ে আবু ত্বহা আদনানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রংপুরের তরুণ এই বক্তা মূলত ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজ ভাষায় ধর্মীয় আলোচনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।