বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকা: মামলা থেকে নাম প্রত্যাহারের বিনিময়ে এক কোটি টাকা দাবি করা হয়েছিল বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক দাবি করেন।
সাকিব জানান, ৫ আগস্টের পটপরিবর্তনের পর দায়ের করা একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। এরপর একটি পক্ষ তার সঙ্গে যোগাযোগ করে জানায়, নির্দিষ্ট পরিমাণ অর্থ দিলে মামলার তালিকা থেকে তার নাম সরিয়ে দেওয়া হবে। এই প্রস্তাবের জবাবে সাকিব বলেন, “টাকা দেওয়া মানে তো স্বীকার করে নেওয়া যে আমার সমস্যা আছে। আমি কেন টাকা দিয়ে বাঁচতে চাইব?” তিনি আরও যোগ করেন, মামলা হওয়ার পর চাইলেই যে নাম প্রত্যাহার করা যায় না, সেই আইনি ধারণা প্রস্তাবকারীদের ছিল না।
দেশে ফেরা প্রসঙ্গে সাবেক এই অধিনায়ক জানান, আইনি বাধা না থাকলেও নিরাপত্তা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ। গ্রেপ্তার হওয়ার ভয় না থাকলেও ‘মব জাস্টিস’ বা ব্যক্তিগত আক্রমণের ঝুঁকি নিয়ে তিনি শঙ্কিত। তিনি বলেন, “বিপদ হলে কেউ দায়িত্ব নেবে—এমন নিশ্চয়তা পেলেই আমি ফিরতে চাই।”
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে কোনো অনুশোচনা নেই সাকিবের। তিনি মনে করেন, জনগণের ভোটেই তিনি সংসদ সদস্য হয়েছিলেন। তবে মানুষের সেবা করার চেয়ে সুবিধা নেওয়ার মানসিকতা রাজনীতিকে কলুষিত করছে বলে তিনি মন্তব্য করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে সাকিব জানান, তিনি এখনও ফিট এবং বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অবদান রাখার সামর্থ্য রাখেন।