বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:
বেইজিং: বিশ্ব রাজনীতির দুই শীর্ষ ক্ষমতাধর নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈঠকটি শুরু হয়। ২০১৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফরে গেলেন।
বৈঠকের শুরুতে দুই নেতাই ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। শি জিনপিং বলেন, “আমাদের একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার হওয়া উচিত।” অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শি-কে ‘বন্ধু’ ও ‘মহান নেতা’ হিসেবে অভিহিত করে আলোচনার মাধ্যমে সব মতভেদ দূর করার প্রত্যয় ব্যক্ত করেন।
২০২৫ সালের ভয়াবহ শুল্ক যুদ্ধ এবং উত্তেজনার পর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিশ্ব। বিরল খনিজ সরবরাহ নিশ্চিত করা এবং মার্কিন খাদ্যপণ্য রপ্তানি বাড়াতে ওয়াশিংটন এখন বেশ আগ্রহী। বাণিজ্য সমন্বয়ের জন্য ‘ইউএস-চীন বোর্ড অব ট্রেড’ গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
এই সফরে ট্রাম্পের সঙ্গী হয়েছেন ইলন মাস্ক (টেসলা), জেনসেন হুয়াং (এনভিডিয়া) এবং বিদায়ী টিম কুকের (অ্যাপল) মতো শীর্ষ ব্যবসায়ীরা। তবে বাণিজ্যের পাশাপাশি আলোচনার টেবিলে ছায়া ফেলছে ইরান যুদ্ধ ও তাইওয়ান ইস্যু। বিশেষ করে ইরান থেকে চীনের তেল কেনা এবং তাইওয়ানের নিরাপত্তা নিয়ে আমেরিকার অবস্থান কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সবার নজর।