শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
চাঁদপুর সফরের উদ্দেশ্যে কুমিল্লায় প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী দাউদকান্দি উপজেলায় খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকা অতিক্রম করেছেন। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় একটি পথসভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেনের অনুসারী, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের কর্মী-সমর্থক, নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন এবং পদুয়ার বাজার এলাকায় এমপি মনিরুল হক চৌধুরীর সমর্থকেরা তাঁকে স্বাগত জানান। মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া জানান, ধর্মমন্ত্রীর নির্দেশে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে তাঁরা ইলিয়টগঞ্জে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, চট্টগ্রাম মহাসড়কের নীলকার বাজার এলাকায় বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজের নেতৃত্বে কুমিল্লা-৫ আসনের নেতাকর্মীরা সমবেত হন।
প্রিয় নেতাকে একনজর দেখতে সকাল থেকেই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক জানান, সকাল ৮টা থেকেই আলেখারচর বিশ্বরোড এলাকায় তাঁরা অবস্থান করছেন। এই সফরকে কেন্দ্র করে বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ প্রধানমন্ত্রীর কাছে তাঁদের প্রধান দাবি হিসেবে ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়নের বিষয়টি তুলে ধরেন।