শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
আলোচনা ব্যর্থ হলে যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ: ইরান

আলোচনা ব্যর্থ হলে যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ: ইরান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে যেকোনো মুহূর্তে পুনরায় সরাসরি সামরিক সংঘাত শুরু করার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে জানিয়েছেন, সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় তেহরান যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। খবর আল-জাজিরার।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন রুট ‘হরমুজ প্রণালি’ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে বিশ্ববাজারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মার্কিন অর্থনৈতিক সংকটের চিত্র তুলে ধরে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি বন্ধের কারণে সৃষ্ট বিশ্ব জ্বালানি সংকটের জেরে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে, যা দেশটিকে চরম অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেবে। অন্যদিকে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও মার্কিন প্রশাসনকে উপহাস করে একে ২০০৮ সালের চেয়েও বড় বৈশ্বিক আর্থিক সংকটের পূর্বাভাস বলে মন্তব্য করেছেন।

বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে চুক্তির প্রধান জটিলতা হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালির সার্বভৌমত্ব, যা ইরান নিজের দাবি করলেও অন্যান্য উপসাগরীয় দেশগুলো একে আন্তর্জাতিক জলপথ হিসেবে দেখছে। এরই মধ্যে ইরান এই প্রণালিতে কেবল তাদের সহযোগী পক্ষগুলোর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ফি-ভিত্তিক একটি বিশেষ রুট তৈরির ঘোষণা দিয়েছে, যেখানে ওয়াশিংটনের সমর্থকদের প্রবেশাধিকার থাকবে না।

তবে এই যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে ইরানের সাধারণ জনগণকে। দেশটিতে খাদ্য মুদ্রাস্ফীতি রেকর্ড ১১৫ শতাংশে পৌঁছেছে এবং খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড পতন ঘটেছে। ইরান এই অচলাবস্থার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসের অভাবকে দায়ী করলেও, উদ্ভূত পরিস্থিতিতে বেইজিংয়ের মধ্যস্থতাকে স্বাগত জানাবে বলে জানিয়েছে তেহরান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com