বুধবার, ২০ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘ ২৪ বছরের ট্রফি খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মিশন শুরু করেছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সোমবার দিবাগত রাতে প্রাথমিক দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই মহাযজ্ঞের ডাগআউটে এবারই প্রথম দেখা যাবে কিংবদন্তি ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে।
ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন নেইমার। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করা ব্রাজিলের ইতিহাসের এই সর্বোচ্চ গোলদাতার ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকলেও, তাকে প্রাথমিক পরিকল্পনায় রেখেছেন আনচেলত্তি। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সেলেসাওদের আক্রমণের মূল ভরসা ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে।
দলে ভিনিসিয়ুস-নেইমার ছাড়াও আক্রমণভাগে সুযোগ পেয়েছেন রাফিনিয়া, মার্তিনেল্লি, তরুণ প্রতিভা এন্দ্রিক ও রায়ানের মতো ফুটবলাররা। মাঝমাঠ সামলাবেন কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতারা। আর রক্ষণভাগে থাকছেন মারকিনিওস, দানিলো ও গ্যাব্রিয়েল মাগালহায়েসের মতো অভিজ্ঞরা। গোলপোস্ট সুরক্ষায় আছেন আলিসন ও এদেরসন।
নতুন প্রজন্মের তারুণ্য, অভিজ্ঞ ফুটবলার আর সফল কোচ কার্লো আনচেলত্তির মেন্টরশিপ—সব মিলিয়ে ফুটবল বিশ্বের সর্বোচ্চ মঞ্চে আবারও আধিপত্য ফেরাতে পুরোপুরি প্রস্তুত সেলেসাওরা।