মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মধ্যপ্রাচ্যের চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানে সম্ভাব্য সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) এশিয়ার প্রারম্ভিক লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের জুলাই ডেলিভারির দাম ব্যারেলপ্রতি ২.২৬ ডলার (২%) কমে ১০৯.৮৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের জুন চুক্তির দাম ১.২২ ডলার কমে দাঁড়িয়েছে ১০৭.৪৪ ডলারে। এর আগের সেশনে দুই ধরনের তেলের দামই গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল।
সোমবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেজন্য ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ‘খুব ভালো সম্ভাবনা’ রয়েছে। আর এই আলোচনার সুযোগ দিতেই যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত রেখেছে। এছাড়া বৈশ্বিক সরবরাহ সংকট এড়াতে রাশিয়ার সমুদ্রপথের তেল রপ্তানির ওপর কিছু নিষেধাজ্ঞা আরও ৩০ দিনের জন্য শিথিল করেছে ওয়াশিংটন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য সাময়িক স্বস্তি দিলেও তেলের বাজারে অনিশ্চয়তা কাটেনি। কারণ, বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশই পরিবহন করা হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে, যা চলমান সংঘাতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এরই মধ্যে পাকিস্তান জানিয়েছে, তাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে দুই পক্ষের এই আলোচনার অগ্রগতি এখনো বেশ ধীর।
অন্যদিকে, মার্কিন জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশটির কৌশলগত মজুত থেকে রেকর্ড ৯৯ লাখ ব্যারেল তেল সরানোর ফলে বর্তমান মজুত নেমে এসেছে প্রায় ৩৭ কোটি ৪০ লাখ ব্যারেলে, যা ২০২৪ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন।