বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কক্সবাজার: চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে, ২০২৬) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও আলামত পর্যালোচনা শেষে আদালত এই রায় দেন। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
দণ্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্তদের তালিকা:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত (৪ জন): জালাল উদ্দিন ওরফে বাবুল, হেলাল উদ্দিন, মোহাম্মদ আরিফ উল্লাহ ও আনোয়ার হাকিম।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত (৫ জন): জিয়াবুল করিম, ইসমাইল হোসেন, নুরুল আমিন, নাছির উদ্দিন ও আব্দুল করিম।
১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত (৪ জন): মোহাম্মদ সাদেক, আনোয়ারুল ইসলাম, মোরশেদ আলম ও শাহ আলম।
খালাসপ্রাপ্ত (৫ জন): আবু হানিফ, এনামুল হক ওরফে তোতলা এনাম, মো. এনাম, কামাল ওরফে ভেন্ডি কামাল ও মিনহাজ উদ্দিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী জানান, আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই দণ্ডাদেশ দিয়েছেন। রায়ে তানজিমের পরিবার সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে চকরিয়ার ডুলাহাজারা এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন ২৩ বছর বয়সী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনায় ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে হত্যা ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল। একই ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায়ও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।