বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পবিত্র হজ পালন করতে বুধবার (২০ মে) দুপুরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে, গত মঙ্গলবার রাতে শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন চিকিৎসক ডা. নাসির আহমদকে দেখতে যান জামায়াত আমির। তিনি সেখানে ডা. নাসিরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় চিকিৎসকের ওপর হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “বিগত শাসনামলে দেশের শাসনব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আমাদের একটি সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।” সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি আরও স্পষ্ট করেন যে, ন্যায়সংগত কাজে সরকারকে সহযোগিতা করা হলেও, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করবে বিরোধীদল।